আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা ।
আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলনে দেওয়া বক্তব্যে এরদোয়ান ইরানে হামলার জন্য ইসরায়েলের এই কড়া সমালোচনা করেন।
পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভন্ডুল করতে ইসরায়েল ইরানে হামলা করেছে বলে উল্লেখ করেন তিনি।
ইসরায়েলের হামলাকে ‘পুরোপুরি গুন্ডামি’ উল্লেখ করে এরদোয়ান বলেন, “ইরানে ইসরায়েল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় (পরমাণু প্রকল্প ইস্যুতে) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভন্ডুল হোক, হামলার মূল কারণ এটাই।”
“বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ— আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।”
গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।