নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়া ছিল।
এলাকাবাসী জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করছিলেন। এসময় তারা নাকে দুর্গন্ধ পান। খোঁজাখুঁজির পরে পাটক্ষেতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যার পর মরদেহটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে; যাতে পরিচয় শনাক্ত না করা যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ওসি আরো বলেন, “নিহতের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”