Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবশেষে নতুন মেসিকে খুঁজে পেল বার্সা’র ১০ নম্বর জার্সি 

BN DESK
02 September 2026, 08:12 AM পড়তে ১ মিনিট
অবশেষে নতুন মেসিকে খুঁজে পেল বার্সা’র ১০ নম্বর জার্সি 

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর সবার চোখ ছিল দলটির ১০ নম্বর জার্সির দিকে। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত এই জার্সি পরে একের পর এক ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যান মেসি। ফলে এমন আইকনিক জার্সির চাপ নেওয়াটা মোটেই সহজ ছিল না।

পাশাপাশি মেসির আগেও এই জার্সি যাদের গায়ে উঠেছে, তাদের অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। মেসির আগে বার্সার ১০ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর গায়ে। এর আগে এই জার্সি পরতেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং তার আগে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। সেই ধারাতেই মেসির গায়ে এই জার্সি ছিল ১৩ বছরের মতো। ফলে মেসি ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল এই জার্সির দিকে। 

শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে এই জার্সি দেওয়া হয় সম্ভাবনাময় তারকা আনসু ফাতিকে। সে সময় মেসির বিকল্প হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছিল। বল পায়ে মাঠে নেমে নিজের ঝলকও দেখাতে শুরু করেছিলেন। কিন্তু ১০ নম্বর জার্সির চাপে কি না কে জানে, একপর্যায়ে ভেঙে পড়লেন ফাতি। একের পর এক চোট তাকে বার্সায় থিতু হতে দিল না। মাঝে ব্রাইটনে গিয়ে ধারেও খেলেছেন। এখন অবশ্য বার্সেলোনাতেই আছেন। শেষ হতে যাওয়া মৌসুমে সব মিলিয়ে খেলেছেন ১১ ম্যাচ; ১০ নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়ের জন্য যা বেমানানই বটে। তবে ফাতি যুগ পেরিয়ে ১০ নম্বর জার্সি নাকি খুঁজে পেতে যাচ্ছে ‘নতুন মেসি’কে। 

একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মৌসুম থেকে ১০ নম্বর জার্সি পরবেন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই অসামান্য সব অর্জনের সাক্ষি হয়েছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সা’র হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার লিগ, কোপা দেল রে ও লা লিগা শিরোপা। দলের এই অর্জনে ব্যক্তিগতভাবে ইয়ামালের ভূমিকা ছিল অসামান্য। চলতি মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। অনেকের কাছে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, পাশাপাশি আছেন সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের তালিকাতেও। মেসির বিদায়ের পর এত দিন হয়তো এমন কাউকেই খুঁজছিল ১০ নম্বর জার্সিটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অবশেষে নতুন মেসিকে খুঁজে পেল বার্সা’র ১০ নম্বর জার্সি 

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার