Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে : তারেক রহমান

BN DESK
05 September 2026, 03:22 AM পড়তে ১ মিনিট
আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে : তারেক রহমান

রাজশাহী প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তবে এরপরে দেশ গড়তে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি আজ রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদেরকে দেশ গড়তে হবে। স্বৈরাচার শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক, স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে।

আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। দেশ গড়তে বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে তারেক রহমান বলেন, আড়াই বছর আগে স্বৈরাচার সরকারের আমলেই আমরা বাংলাদেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম। সেই ৩১ দফার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম।

বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। এখন সংস্কারের জন্য যেসব আলোচনায় আসছে, অধিকাংশ সংস্কার প্রস্তাব বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। কারণ, আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। সেই জন্য অন্য কেউ চিন্তা করার আগে আমরা বিএনপি আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম।

তিনি বলেন, বিগত স্বৈরাচারের সময় এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছিল, যাতে পাশের একটি দেশে গিয়ে মানুষ সেবা নিতে বাধ্য হয়। এই দেশে হাসপাতাল ধ্বংস করে ইচ্ছে করে রোগীদের পাশের দেশে পাঠিয়ে দিত। তারা চিকিৎসার নামে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিত। আমাদের এখন নিজস্ব চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে, যাতে দেশের মানুষ এই দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসাসেবা পান।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা। ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়ে গেছে। এখন আমাদের জনগণের শাসন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এর মূল উপায় হলো, জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে, কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ পরিচালনা করবে।

বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপি’র পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে গড়ে তোলা। আজ দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবিলা করতে হয়, তাহলে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে সকাল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানসংলগ্ন মাঠে মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বক্তব্য রাখেন আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু, দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। সম্মেলন পরিচালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে : তারেক রহমান

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার