বিনোদন ডেস্ক : মানিকগঞ্জের আলাদা দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ দিন আদালত চত্বরে সাবেক এমপি মমতাজের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
আদালতের রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত এই সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায়। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোট কারাগারে রাখা হয় মমতাজ বেগমকে।
শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বির্তকিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।