নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটি অফিসের সামনে ড্রেজিং মেশিনের পাইপে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটায় এ অগ্নিকাণ্ড ঘটে। একঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, ‘লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিং এর কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। আগুন সূত্রপাতের বিষয়টি এখনো বুঝতে পারছি না।’
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে মোট তিনটি ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না।’