মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান-এর তাবরিজ শহরে দুটি পৃথক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফারসি এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি-কে দেওয়া বক্তব্যে তিনি জানান, মারজদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া শহরের রাবে রাশিদি এলাকায় একটি পার্কে আরেকটি হামলার ঘটনায় আরও দুইজন নিহত হন। ফলে দুটি ঘটনার মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে।
তবে এই হামলার দায় কারা নিয়েছে, সে বিষয়ে এখনো স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল-এর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তাবরিজে বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।