Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

BN DESK
23 May 2026, 01:04 AM পড়তে ১ মিনিট

ঈদুল আজহা সামনে রেখে টানা ছুটি শুরু হচ্ছে দুদিন বাদেই। তবে অনেকে যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগে নাড়ির টানে বাড়ি ফিরছেন। কর্মজীবীদের অনেকে নিজে কর্মস্থলে থাকলেও স্ত্রী-সন্তানদের আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। এ অবস্থায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর ব্যস্ততম আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলীতে।

শুক্রবার (২২ মে) সকাল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকা ছেড়ে যাওয়া কোনো পরিবহনে আসন ফাঁকা না থাকলেও দিনের পরবর্তী গাড়িগুলোর টিকিট মিলছে কাউন্টারেই। ফলে যাত্রীদের আনাগোনায় এখন সরগরম গাবতলী টার্মিনাল।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন পরিবহনের কাউন্টারে টিকিট সংগ্রহে ব্যস্ত যাত্রীরা। কোথাও কোথাও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। সকাল থেকে গাবতলী ও কল্যাণপুর কাউন্টারে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহনের কাউন্টার মাস্টাররা। যাত্রী ডাকতে হাঁকডাকে সরগরম পুরো গাবতলী টার্মিনাল।

কল্যাণপুর দূরপাল্লার বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, কাউন্টারের ভেতরে ও সামনে যাত্রীদের চাপ বেড়েছে। কাউন্টারগুলোর সামনে দূরপাল্লার পরিবহন এসে দাড়াঁতেই নির্ধারিত গাড়িতে উঠতে ব্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার অনিক বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ। কিছুক্ষণ আগেও যাত্রী কাউন্টারের সামনে থেকে সরাতে পারছিলাম না। সকাল থেকে অন্তত আমাদেরই ২০টি গাড়ি ছেড়ে গেছে। কোনো গাড়িতে আসন ফাঁকা নেই। শুক্রবার হওয়ায় সকালে যাত্রীর এতো চাপ।

গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মো. রনি বলেন, যাত্রীর চাপ খারাপ না। সকাল থেকে ১৯টি গাড়ি ছেড়ে গেছে। কোনো গাড়িতে আসন ফাঁকা ছিল না। সাধারণ দিনগুলোতে এই (৯টা ৩০ মিনিট) সময়ের মধ্যে ১০ থেকে ১১টি গাড়ি ছেড়ে যায়। কিন্তু আজ সকাল থেকে যাত্রীর চাপ থাকায় গাড়ি বেশি ছাড়তে হয়েছে।

পাবনা যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাস টার্মিনালে এসেছেন রাহাত। পড়াশোনা করেন রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। কথা হলে তিনি বলেন, সাধারণত এত আগে বাড়িতে ফেরা হয় না। ক্যাম্পাস ছুটি হয়ে যাওয়ায় আগেভাগে বাড়ি যেতে পারছি। কাউন্টারে এসে টিকিট কেটেছি। টিকিট পেতে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি।

এদিকে, ঈদ ঘিরে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ২৫ মে-ও ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ চাকরিজীবীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার