বিনোদন ডেস্কঃ ১৪ বছর পর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় দেখা মিললো ৪৯ বছর বয়সী হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার (১৬ মে) নির্মাতা আরি অ্যাস্টার পরিচালিত ওয়েস্টার্ন ভৌতিক সিনেমা ‘এডিংটন’র প্রিমিয়ার উপলক্ষে নজরকাড়া শুভ্র পোশাকে দ্যুতি ছড়ালেন তিনি।
এবারের কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের ছবি এডিংটন। ছবির প্রধান অভিনয়শিল্পী পেড্রো প্যাসক্যাল, হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার ও এমা স্টোনের সঙ্গে সম্মানজনক শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাজির হয়েছিলেন জোলি।
অভিনেত্রী হাজির হয়েছিলেন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। শপার্ডের হীরার গয়না তাঁর সৌন্দর্যে আরো বেশি দ্যুতি ছড়াচ্ছিল।
অ্যাঞ্জেলিনা জোলির হাতে যে ট্যাটু দেখা যাচ্ছে, সেখানে হিব্রু ও সাংকেতিক ভাষায় বৌদ্ধধর্মের মূলকথা—অহিংসা, সাম্য, মৈত্রী আর ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।