গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতুলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম আতাউর রহমান আতা মিয়া (৬০)। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আতা মিয়া উপজেলার নরোত্তমপুর বাটনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যার পর মির্জানগর গ্রামের একটি মেঠোপথের নির্জন স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কাপাসিয়া উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর-শিমুলতলী সড়কের মির্জানগর গ্রামের ফাঁকা স্থানে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়।
পরে লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের আত্মীয় মোস্তফা আকন জানান, বৃদ্ধ বয়সেও তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ধারণা, অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করেছে এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।