গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- মো. ইসরাফিল মোল্যা ও ইয়ার মোল্লা।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসরাফিল মোল্যা মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে ও ইয়ার মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মৃত লাল মিয়া মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে ব্যাটারিচালিত ভ্যানে করে ব্যাসপুর থেকে জয়নগর যাচ্ছিলেন কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা। এ সময় ভ্যানটিকে ধাক্কা দেয় বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রলি। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
অপরদিকে, নিহত ইয়ার মোল্লার ভাতিজা মো. হাসান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারে যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে মারা যায়।