মফস্বল ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মার্চ) ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। হেলাল খাঁ ফরিদপুরের বোয়ালমারী থানার মাইটমুকড়া গ্রামের মো. তুরাপ আলী খাঁর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানাধীন বাগঝপা গ্রামে বসবাস করছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, হেলাল খাঁ কাশিয়ানী উপজেলার বাগঝাপা এলাকায় বেশ কিছুদিন যাবৎ হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রাসা (অনুমোদনহীন) পরিচালনা করে আসছিলেন। হেলাল তার বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ফায়েকুজ্জামান ও মোসা. খাদিজা বেগমের সহায়তায় এই শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় রোববার নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলানো হচ্ছে।