চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের জেলার ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শাহনাজ খাতুন ওরফে শিমু শাহনাজকে (৪০) একটি হত্যা চেষ্টা মামলার উস্কানিদাতা হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টার দিকে ভোলাহাট সদরের ছাইতনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্ত এবং এজাহারের বরাতে পুলিশ আরও জানায়, গত ২৩ জুন ভোলাহাটের চরধরমপুর গ্রামে তাজকেরা বেগম (৪০) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইবুর রহমানের (৪৫) শরীরে ফুটন্ত পানি এবং ডাল ঢেলে ঝলসিয়ে দেয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাইবুরের ভাই অহেদুর রহমান গত শনিবার বিকেলে ভোলাহাট থানায় মামলা করেন। মামলায় সাইবুরের স্ত্রীকে প্রধান এবং শাহনাজকে ৬নং আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, তাজকেরা বেগম বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ এবং তার নির্দেশ ও উস্কানিতে স্বামীকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, গতকাল রোববার বিকেলে শাহনাজকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।