বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষক ২৫ শতক জমিতে ২২শ’ শীতকালীন আগাম সবজি বাঁধাকপি লাগিয়ে বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখছিলেন অধিক আয়ের। ওই জমির সমস্ত কপির চারা গাছগুলো এক রাতেই কেটে কৃষকের সেই স্বপ্নকে দু:স্বপ্নে পরিণত করেছে দুর্বৃত্তরা। কাটা চারা হাতে নিয়ে জমিতে আহাজারি করছেন ভুক্তভোগী কৃষক।
এ ঘটনায় ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার সকালে ভুক্তভোগী কৃষক মতিরুল ইসলাম পাঁচবিবি থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার কড়িয়া রামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মতিরুল ইসলাম ৭ বছর পূর্বে একই এলাকার সোলাইমান দেওয়ানের ২৫ শতক জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। চলতি শীতকালীন মৌসুমে উক্ত জমিতে ৩৫ দিন আগে বাঁধা কপি চারা রোপন করে।
আর মাত্র ২৫-৩০ দিনের মধ্যেই ক্ষেত থেকে বাঁধাকপি বিক্রি করা যেত। কিন্ত এরই মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা জমির সমস্ত চারা কেটে ফেলে নষ্ট করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।