পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিক ও ব্যবস্থাপত্রে ডা: পদবি লেখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় পাঁচবিবি রুপালী সিনেমা হল সংলগ্ন রোকেয়া মঞ্জিলে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী জয়পুরহাট ক্যাম্পের সদস্য, থানা পুলিশ ও জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেনা। কিন্তুু প্রতিষ্ঠানটি এ আইন ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।