বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেসক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় ইসকন রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। রথযাত্রা উপলক্ষে রাজধানীব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।