ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মানিক হোসেন(৩০) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
পরিবারের লোকজন জানান, উপজেলার ধামইরহাট মহিলা কলেজ এলাকার একটি বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিল মানিক হোসেন। দুপুরে বাড়িতে খাবার এসে বুকে হালকা ব্যথা অনুভব করলে সে বিকেলে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যায়। পরে প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি চলাকালীন সে মারা যায়। পরিবারের লোকজনের দাবি সে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।