Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব

BN DESK
04 September 2026, 10:34 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলাজুড়ে পুকুর খননের নামে চলেছে মাটি বিক্রির মহোৎসব। এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আর্থিক দন্ড প্রদানের পাশাপাশি আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়। কিন্তু তারপরও এ চক্রের বিরুদ্ধে লাগাম টানা সম্ভব হচ্ছে না।

প্রশাসন চলে আসার পর পুনরায় চলছে ভেকু (স্ক্যাবিটর) দিয়ে মাটি কাটা। আর মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাকায় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ছে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং স্থানীয় পুলিশ প্রশাসন ম্যানেজ করেই এসব কাজ করতে আড়ালে ইন্ধন যোগানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জেলার ১১টি উপজেলার প্রায় সবকটি উপজেলাতে একই দৃশ্য। মাটি ব্যবসায়ীরা জমি মালিকদের বিভিন্ন প্রলোভন দিয়ে ফসলি জমি এবং পুকুর সংস্কার করে দেওয়ার জন্য উৎসাহিত করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এদিকে মাটিবাহী ট্রাক্টর ও ডাম্প ট্রাকের চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পাকা সড়ক। এছাড়া মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে সামান্য পানিতেই পিচ্ছিল হয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

জেলার রাণীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আলহাজ ইব্রাহিম প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম বকুল প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পুকুর খননের নামে মাটি বিক্রির ব্যবসা করে আসছেন বলে অভিযোগ উঠেছে। নিজের ১০০ বিঘায় নাহার মৎস্য খামার প্রকল্পে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের নামে পুকুর গভীর করে খনন করে মাটি বিক্রি করছেন তিনি।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বকুল বলেন, অনুমতি নিয়েই পুকুর সংস্কারের কাজ করা হচ্ছে। তবে কার অনুমতি নিয়ে কাজ করছেন সেই বিষয়ে কোন উত্তর তিনি দিতে পারেননি। এসিল্যান্ড (ভূমি) নিষেধ করার পর বর্তমানে পুকুর খনন কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, মধ্যরাতেও খবর পেলে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভেকুর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হচ্ছে। আবার মাটি খননের সাথে কাউকে পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের ধারা অব্যাহত রাখা হয়েছে।

মহাদেবপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের দুই ফসলি জমিতে খননকৃত পুকুর ও জমির মালিক বিপুল চন্দ্র মন্ডল বলেন, উপজেলা শহরের মাটি ব্যবসায়ী আব্দুর রহিম ও বিকাশ নামে দুই ব্যক্তি আমার জমিতে পুকুর খনন করছে। মাটি ব্যবসায়ীরা জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। তবে তারা জমির শ্রেণি পরিবর্তনের দায়িত্ব নিলেও এ পর্যন্ত পরিবর্তন করা হয়নি।

মাটি ব্যবসায়ী বিপুল চন্দ্র মন্ডল বলেন, জমির শ্রেণি পরিবর্তন করার জন্য উপজেলা প্রশাসন বরাবর একটি আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন কার্যক্রম হয়নি। এদিকে জেলার মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়নের কটকটিতলা এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করছিলেন ইউপি মেম্বার ও মাটি ব্যবসায়ী অমর সজিব।

সেখানে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে তার ৫০ হাজার টাকা জরিমানা করাসহ কাজ বন্ধ করে দেওয়া হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার