স্পোর্টস ডেস্ক : বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি’র সঙ্গে ১২ বছরের নতুন চুক্তি করেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। নতুন এই চুক্তির অধীনে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রতি বছর পাবে ১০০ মিলিয়ন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা)। খবর : ইএসপিএন
চুক্তিটি বলবৎ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। এর আগের চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত। নতুন এই অংশীদারিত্বে ব্রাজিল দল তাদের জার্সি বিক্রি থেকে রয়্যালটির অংশও পাবে। সিবিএফ প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানে তাদের পণ্য লাইসেন্স করার এবং অনুমোদিত স্টোর খোলার সুযোগ পাবে। এটি কেবল ব্রাজিলের পুরুষ ও মহিলা জাতীয় দল নয়, বরং বিচ ফুটবল ও ফুটসাল দলের ক্ষেত্রেও প্রযোজ্য। ১৯৯৬ সাল থেকে নাইকি’র সঙ্গে যুক্ত ব্রাজিলিয়ান ফুটবল দল। এই সম্পর্ককে নাইকির অন্যতম সফল অংশীদারিত্ব হিসেবে আখ্যা দিয়েছেন সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। তিনি বলেন, এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিমত্তা এবং ঐতিহ্যেরই প্রতিফলন। জোগো বনিতোর ঐতিহ্য ধরে রাখতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।
ব্রাজিলের পাশাপাশি নাইকি জার্মানির ফুটবল দলের সঙ্গেও একটি বড় চুক্তি করেছে। ২০২৭ থেকে ২০৩৪ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দল ও বয়সভিত্তিক দলের খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।