বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঠেঙ্গামারা চকগাজিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মনোমহন বিড়ি কোম্পানির গোপন তথ্যের ভিত্তিতে আজিজুল ইসলাম জীবনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আজিজুল ইসলাম ওই এলাকার মৃত অবের উদ্দিনের ছেলে এবং বর্তমানে বগুড়ায় আনসার ভিডিপি সদস্য হিসেবে কর্মরত আছেন। স্থানীয়দের অভিযোগ, চাকরির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নকল বিড়ি তৈরির কারবার চালিয়ে আসছিলেন।
অভিযানে পুলিশ ২৬ হাজার ৫শ’ টি প্রস্তুত নকল বিড়ি, প্রায় এক মণ তামাক, দুই লাখ বিড়ি তৈরির ফিল্টার, পাঁচ লাখ লেবেল, ২২ হাজার ঠোস, বিপুল পরিমাণ ব্যান্ডরোল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৪৩ হাজার। তবে অভিযানের খবর পেয়ে আজিজুল ইসলাম পালিয়ে যান বলে জানা গেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত নকল বিড়ি ও সরঞ্জাম থানায় জব্দ রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।