বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল মনমোহন বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এসময় দুই যুবককে আটক করা হয়। গতকাল সোমবার বেলা আড়াইটায় উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের উপর হাটদৌল গ্রামে অভিযান চালানো হয়।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি দল স্থানীয় কোরবান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাড়ি থেকে সওদাগর(৩৫) এবং মানিক(১৯) নামে দুইজনকে আটক করা হয়।
এসময় এক হাজার রাজস্ব টিকিট, ৩৬ হাজার পিস তামাক ভরা বিড়ি, এক লাখ ৮০ হাজার পিস খালি ঠোসা, ১৪০ কেজি তামাক এবং কিছু পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এঘটনায় বাড়ির মালিক কোরবান আলী(৫০) পলাতক রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।