সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামীণ ব্যাংকের পাশে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) দিয়ে আবাদি কৃষিজমি কেটে পুকুর খনন করে মাটি উত্তোলনের দায়ে এলাকার কফিল উদ্দিন সরদার ছেলে আমিরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৮ জুন) দুপুর ২টায় উপজেলার হাতিয়ান্দহ এলাকায় অভিযান পরিচালনা করে দণ্ড প্রদান করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার। এসময় দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।