নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ সড়কে ফেলে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন স্বামী ও শাশুড়ি।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ঘটনাটি ঘটে।
রূপগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. সালাউদ্দিন জানান, মারা যাওয়া লামিয়ার স্বামী শাওন অনলাইন জুয়ায় আসক্ত। গৃহবধূ লামিয়া তাকে বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে লামিয়াকে মারধর করেন শাওন।
এতে ক্ষুব্ধ হয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন লামিয়া। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে সড়কে লাশ ফেলে পালানোর চেষ্টা করেন শাওন ও তার মা ফাতেমা। এলাকাবাসী টের পেয়ে তাদের আটক করেন। পরে তারা আটককৃতদের পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুর তারা মিয়া পলাতক। মারা যাওয়া লামিয়ার বাবা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।