নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামে বাঁশবাগান থেকে মহব্বত বিশ্বাস (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহব্বত বিশ্বাস ওই গ্রামের কালাম বিশ্বাসের ছেলে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১০ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মহব্বত। বুধবার বিকেলে গ্রামের একটি বাঁশবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পরে বলা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’