নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ও পরিবেশের ক্ষতি করে এমন চিমনি ব্যবহার করার অপরাধে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। যার মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নূর হাসান সজীব, ফায়ার সার্ভিস ও পুলিশ।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে কিছু ইটভাটা তৈরি করা হয়েছে এবং কিছু ইটভাটার বৈধ কাগজপত্র নেই। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে চরমটুয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় কোনো প্রকার কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে গড়ে তোলা মালেক ব্রিক্স ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ওই ব্রিক্সের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার আব্দুল মালেক নামের আর একটি ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় সেটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশের ক্ষতি করে এমন ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।