রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইশরাত জাহান হাসি (২০) প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক নাহিদ মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেন।
নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া উপজেলায়। মেডিকেলে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছেলের সাথে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে হয়তো হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে সে আত্মহত্যা করতে পারে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, প্রেমিকের সাথে ব্রেকআপ হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে শিকার করেছে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।
তিনি আরো বলেন, গভীর রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে ছিল এবং ফোন যেভাবে রাখা ছিল তাতে ধারণা করা যায় ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে।