Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য জারি হলো নীতিমালা

BN DESK
08 May 2026, 06:27 AM পড়তে ১ মিনিট

ঢাকার ফুটপাত ও সড়কের বিশৃঙ্খলা কমাতে প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে নীতিমালার আওতায় এনেছে সরকার। ‘ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা-২০২৬’-এ হকারদের নিবন্ধন, নির্দিষ্ট জোনে ব্যবসা এবং হলিডে ও নৈশকালীন মার্কেট চালুর নির্দেশনা রাখা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নীতিমালাটি মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার জন্য প্রণয়ন করা হয়েছে। এটি দেশের প্রথম পূর্ণাঙ্গ হকার নীতিমালা হিসেবে বিবেচিত হচ্ছে।

নীতিমালায় বলা হয়েছে, হকারদের বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় এনে স্মার্টকার্ড বা পরিচয়পত্র দেওয়া হবে। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক ও কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। এক পরিবার থেকে একাধিক লাইসেন্স দেওয়া হবে না এবং বরাদ্দকৃত স্থান অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।

ফুটপাতে হকার বসানোর ক্ষেত্রেও শর্ত রাখা হয়েছে। পথচারীদের চলাচলের জন্য অন্তত ৫-৬ ফুট জায়গা ফাঁকা থাকলেই কেবল সেখানে হকার বসতে পারবেন। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, মেট্রোরেল স্টেশন ও বাসস্ট্যান্ডের পাশে হকার বসানো যাবে না।

নীতিমালায় শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনে ‘হলিডে মার্কেট’ এবং বাণিজ্যিক এলাকায় অফিস শেষে ‘নৈশকালীন মার্কেট’ চালুর কথা বলা হয়েছে। এসব মার্কেটে নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।

এছাড়া কোনো হকার স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবেন না। নিয়ম ভঙ্গ করলে লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্সবিহীন হকারদের উচ্ছেদ করা যাবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য জারি হলো নীতিমালা

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার