আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা। মাঠের ধান ঘরে তুলতে এখন বাড়িঘর ও উঠান পরিস্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। অনুকূল আবহাওয়ায় এবার আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ১৮০ হেক্টর জমিতে রোপাআমন ধান চাষ করা হয়। এর মধ্যে স্বর্ণা-৫, বিনা-১৭, বিআর-৯০ ও সুগন্ধিসহ বেশকয়েক জাতের ধান চাষ করা হয়েছে।
গত বছরের তুলনায় চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ক্ষেতে তেমন কোন রোগবালাই দেখা দেয়নি। এরপরেও কৃষকরা জমিতে সতর্কতামূলক কীটনাশক স্প্রে অব্যাহত রেখেছেন। আমন ধানের গাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষি অফিসের পরামর্শে কৃষকরা সার্বক্ষণিক জমিতে পরিচর্যা করছেন।
তেঁতুলিয়া গ্রামের কৃষক টুলু প্রামানিক, ইয়াছিন আলী, কাশিমালা গ্রামের মিজানুর রহমান জানান, এবার পরিমাণ মতো বৃষ্টি ও ধানের গাছে পরিমিতভাবে রোদ লাগায় রোগবালাই কম হয়েছে। ধান গাছ ও শীষের অবস্থা খুবই ভালো, বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি জানান, চলতি মৌসুমে রোপাআমন ক্ষেতে রোগবালাই কম, কৃষকরা কৃষি অফিসের পরামর্শে আবাদের পরিচর্যা করায় এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।