আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে রাস্তায় ডাকাতির প্রস্ততি কালে তিন ডাকাতকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে হাসুয়া, লোহার রড, লাঠিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়ার ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদরের গোদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, চাঁপাপুর-চৌমুহনি সড়কের কুন্দগ্রাম ইউপির বানিয়াপুকুর নামক স্থানে রাস্তায় গাছ ফেলে পথচারীদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটবে এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১২ টায় কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর স্থানে ৮/৯ জনের একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্ততি নেয়ার সময় তাদের ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে গাছকাটার হ্যাসকো ব্লেডসহ বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এসময় অপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।