দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে নাশকতা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগের চামরুল ইউনিয়ন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েলকে (৪৮) গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়।
এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আব্দুর রহিম বাদি হয়ে গত ১০ মে শনিবার রাতে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, দুপচাঁচিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া চারমাথা এলাকা থেকে উক্ত নাশকতা মামলায় চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েলকে আটক করে আজ শুক্রবার (২৭ জুন) তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।