ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলামের জমির কাঁচা ধানের গাছ কেটে ও উপড়ে ফেলে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর ইসলাম ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ইব্রাহীম হোসেনের ছেলে। এ ঘটনায় পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম বাদি হয়ে দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে সাগাটিয়া মৌজার প্রায় দুই বিঘা জমিতে বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করে আসছেন। তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমে ওই জমিতে তিনি ধান আবাদ করেন। এ অবস্থায় পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক ও তার লোকজন শাহিনুর ইসলামের জমির কাঁচা ধান গাছ কেটে ও উপড়ে ফেলে দখলের চেষ্টা করেন।
শাহিনুর ইসলামের বাবা ইব্রাহীম হোসেন প্রতিপেক্ষর লোকজনকে বাধা দেন। এসময় আব্দুর রাজ্জাক ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে ইব্রাহীম হোসেনকে প্রাণনাশের হুমকি দেন। জমির ধান গাছ কাটায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শাহিনুর ইসলাম বাদি হয়ে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনার পর আব্দুর রাজ্জাকসহ ওই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। এ বিষয়ে আব্দুর রাজ্জাকের মা রেজিয়া বেগম বলেন, ওই জমির মধ্যে আমাদের অংশ রয়েছে। জমির ওই অংশ ছেড়ে দিতে বলে কোন কাজ হয়নি। এ কারণে আমার ছেলে ও পরিবারের লোকজন ওই জমির ধান কেটে জমি দখলের চেষ্টা করছে।
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা চক্রবর্তী বলেন, অভিযোগটি একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজ রোববার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করবেন।