শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিডব্লিউএমআরআই হাইব্রিড ভূট্টা-২ জাতের উৎপাদনশীলতা শীর্ষক মাঠ দিবস গতকাল শনিবার উপজেলার শাহনগর পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বিঘা প্রতি ৪২ মণ ফলন পাওয়ায় ভূট্টা চাষিরা আনন্দ প্রকাশ করেছেন। সেইসাথে ভূট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন শাহনগর গ্রামের কৃষকেরা।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনষ্টিটিউট দিনাজপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভূট্টা প্রজনন বিভাগ) কৃষিবিদ ড. মো. মাহফুজুল হক। বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনষ্টিটিউট দিনাজপুরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. মো. জাহেরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভূট্টা চাষি হারুনার রশিদ, নুরুল ইসলাম, আমিনুর রহমান, রিনা খাতুন প্রমুখ। প্রদর্শনী ভূক্ত ১৫ জন সহ ভূট্টা চাষে আগ্রহী মোট ৭০ জন কৃষক মাঠ দিবসে অংশ নেন।