আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেলওয়ে হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ওই যুবক মোবাইল ফোনে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে হাসপাতালের কাছে রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এসময় চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্র্র্র্রেনের নিচে কাটা পড়ে তার শরীর ত্রিখন্ডিত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য পিবিআই কাজ করছে।