স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুরস্থ মেসার্স সুরুচি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস বগুড়ার সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে সুরুচি বেকারির বিএসটিআই’র বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুর পণ্যের গায়ে অগ্রীম উৎপাদন তারিখ লেখার অপরাধে ‘ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা আক্তার। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই জেলা অফিস বগুড়ার পরিদর্শক মোহাম্মদ শাহ আলম পলাশ খাঁন।
এ সময় বিএসটিআই জেলা অফিস বগুড়ার সহকারী পরিচালক (মেট) প্রকৌশলী অনিমেষ মজুমদার, সহকারী পরিচালক (সিএম) মো. মেসবাহ উল হাসানসহ শাজাহানপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।