স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলায় ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার দু’জনকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আজ রোববার (১৭ মে) দুপুর একটার দিকে তাদেরকে এই কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, কারাদন্ড প্রাপ্তরা হলো, সোনাতলা উপজেলার দক্ষিণ বয়রা গ্রামের মো.হবিবর রহমানের ছেলে মো. শাহ আলম (৩০) ও একই উপজেলার দক্ষিণ চরপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে আমিনুর রহমান গোলাপ (৩২)।
ডিএনসি বগুড়ার ক’ সার্কেলের একটি অভিযানিক টিমের সহযোগিতায় সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সোনাতলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া হতে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ওই দুই আসামিকে কারাদন্ড দেয়া হয়।
ভ্রাম্যামাণ আদালতের বিচারক ধৃত আসামিদের মধ্যে শাহ আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড এবং আমিনুর রহমান গোলাপকে ১ মাসের কারাদন্ড ও ১ হাজকার টাকা অর্থদন্ড দেন।