সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় চলতি আমন মৌসুমে হাটে-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি লক্ষ্য করা গেছে। তবে জাতভেদে প্রতি পোণ (২০ গন্ডা) ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। তুলনামূলক হারে ধানের চারার দাম বেশি হওয়ায় চারা সংগ্রহে কৃষক হিমশিম খাচ্ছেন।
উপজেলা কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর জমিতে আমন ধানের বীজ বেশি বপণ করা হয়েছে। ওই উপজেলায় মোট ৪৯০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। কৃষক আমন ধানের হাইব্রিড, উফশীসহ বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করেছেন।
আজ সোমবার (১৮ আগস্ট) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বীজতলা থেকে চারা তুলে হাটে-বাজারে নিয়ে যেতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন হাটে প্রতি পোণ আমন ধানের চারা জাতভেদে ৩০০-৩৫০ টাকা দরে বেচাকেনা করছেন কৃষক। প্রতিটি হাট-বাজারে ধানের চারার প্রচুর আমদানি লক্ষ্য করা গেলেও দাম ছিল কৃষকদের নাগালের বাহিরে।
তবে উঁচু এলাকাগুলোতে আমন ধানের বীজতলার সংখ্যা বেশি হলেও ধানের চারার দাম সকল এলাকায় একই রকম দেখা গেছে। এই দ্রব্যমূল্যের বাজারে ধানের চারা কিনতে কৃষককে হিমশিম খেতে দেখা যাচ্ছে। এ বিষয়ে মহব্বতের পাড়া এলাকার কৃষক তুহিন মিয়া বলেন, এবার তিনি ৬ বিঘা জমিতে আমন ধান রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে প্রায় সাড়ে চার হাজার টাকার চারা কিনতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, চলতি বছর উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বপণ করা হয়েছে ৪৯০ হেক্টর জমিতে। আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৬৫০ হেক্টর, যা গত বছর ছিল ৯ হাজার ৬২০ হেক্টর।