স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়ার সদস্যরা জাকারিয়া ইসলাম শয়ন (২৮) হত্যা মামলার ২নং আসামি মো. মান্নান (৫৫)কে ধুনট উপজেলার ঝিনাই গ্রাম হতে গ্রেফতার করেছে। র্যাব সূত্র জানায়.গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, গতকাল মঙ্গলবার রাত একটার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. মান্নানকে গ্রেফতার করে। ধৃত মান্নান সারিয়াকান্দি উপজেলার জোড়াগাছা মধ্যপাড়ার মৃত আমেছ এর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,জাকারিয়া ইসলাম ওরফে শয়ন (২৮) গত ২৫ মার্চ রাত সোয়া ৮ টার দিকে সারিয়াকান্দির জোড়গাছা পূর্বপাড়া গ্রামে টগর এর পরিত্যক্ত বাড়ির বারান্দায় আসামিদেরকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান। এসময় তিনি মাদক সেবনে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকশাযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মা মোর্শেদা বেগম বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামি হিসাবে মান্নানকে গ্রেফতার করা হয়।