স্টাফ রিপোর্টার : বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা রেজবানুল হক রাজুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বগুড়া সদর ও কাহালু এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো-বগুড়া শহরের নাটাইপাড়া ঈদগাহ এলাকার মামুন শেখ (২৫) ও নোমান ইবনে সাইদ (২৬) এবং কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজবানুল হক রাজু (২৯)। রাজু কাহালু পৌরসভার সারাই মহল্লার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এ তিনজন পলাতক ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।