রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তানভীর আহমেদ নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েত মারা যায়। দুপুরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য দেয় ফায়ার সার্ভিস।
আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়।
বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।
ঘটনার পর আহত ২০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া আরও চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তিনজন চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।