নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুররাপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. রিয়াদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী কাজল আহত হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত রিয়াদ একটি বেসরকারি কোম্পানির বিক্রয় বিভাগে চাকরি করতেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার বুনিয়াদী এলাকায়।
রিয়াদের বন্ধু সবুজ জানান, রিয়াদ ও কাজল দুইজনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই জনই গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। আহত আরেকজনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।