ফরিদপুরের ভাঙ্গায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের খালাসী বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সকালে খালাসী বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশফাক হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে উপজেলার চান্দা ইউনিয়নের খালাসী বাড়ির পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় ওই নারী পুকুরে পড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি মো. আশফাক হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।