Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভিজিএফের ৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্য কারাগারে

BN DESK
07 September 2026, 02:55 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রোববার (২৪ মে) অভিযুক্ত দুই সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ঈদুল আজহা উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়।

অভিযোগ রয়েছে, ওই বরাদ্দ থেকে ৫০ কেজি করে ৫০ বস্তা চাল, মোট ২ দশমিক ৫ মেট্রিক টন চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে সরিয়ে রাখা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালায় প্রশাসন। এ সময় সেখান থেকে সরকারি চাল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর যোগসাজশে অভিযুক্ত ইউপি সদস্যরা চালগুলো সেখানে মজুদ করেছিলেন।

বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা দুদিন পর চাল নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, ‘সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত সরকারি চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’

এ ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, ‘মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, অভিযুক্ত দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভিজিএফের ৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্য কারাগারে

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার