স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার কামনায় দোয়া করা হয়েছে। একইসাথে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতি অফিসের সামনে উত্তরাস্থ ‘বগুড়া সোসাইটি’-এই আয়োজন করে।
সংগঠনটির আহ্বায়ক ও বগুড়া জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সোসাইটির সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিন।
সভাপতির বক্তব্যে নাহিদ রহমান বলেন, আমরা বিমানের দুর্ঘটনায় নিহত শিশু-কিশোর ও শিক্ষকদের জন্য দোয়া করছি। মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তাঁদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করছি। তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেন প্রশিক্ষণ বিমানগুলো আবাসিক এলাকার ওপর দিয়ে না উড়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ সাজিউল ইসলাম সজল। সংগঠনটির বিভিন্ন স্তরের সদস্য উপস্থিত ছিলেন।