মাদারীপুরের শিবচর উপজেলায় ৪টি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে যায়। এতে আহত হয় ৫ জন। এরপর গোল্ডেন লাইন পরিবহনের পেছনে আরও ৩টি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় আহত হয় আরও ১৫ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, চারটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনগুলো জব্দ করা হয়েছে। তবে কেউ মারা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।