বলিউডের সোনালি যুগের পরিচিত মুখ, শক্তিশালী অভিনয়ের জন্য দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেতা ভরত কাপুর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। সোমবার সন্ধ্যায় মুম্বাইতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু অবতার গিল জানান, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং প্রায় পাঁচ দশকের বন্ধুত্বের ইতি ঘটল এই দুঃখজনক ঘটনায়।
১৯৭০-এর দশকে বলিউডে যাত্রা শুরু করা ভরত কাপুর মূলত পার্শ্বচরিত্র ও খলনায়কের সহচর চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। তার সংলাপ বলার ভঙ্গি, দৃঢ় উপস্থিতি এবং স্বাভাবিক অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।তিনি কাজ করেছেন একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে, যার মধ্যে রয়েছে- নুরি, রাম বলরাম, লাভ স্টোরি, বাজার, গুলামি এবং সাজন চলে শ্বশুরাল। প্রতিটি চরিত্রেই তিনি নিজস্ব ছাপ রেখে গেছেন, কখনো আইনজীবী, কখনো পুলিশ আবার কখনো শক্তিশালী খলচরিত্র- সব ক্ষেত্রেই তার অভিনয় ছিল স্বতন্ত্র।
শুধু বড় পর্দা নয়, টেলিভিশন নাটকেও ছিল তার সমান পদচারণা। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনোতি’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।
ব্যক্তিগত জীবনে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতার মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করেছিল।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা ভরত কাপুর
BN DESK
03 September 2026, 12:29 PM
•
পড়তে ১ মিনিট