Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিডিয়া ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন হাসনাত, দলের সিদ্ধান্তের করলেন সমালোচনা

BN DESK
03 September 2026, 01:19 AM পড়তে ১ মিনিট
মিডিয়া ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন হাসনাত, দলের সিদ্ধান্তের করলেন সমালোচনা

জুলাই ঘোষণাপত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। এছাড়া ঘোষণাপত্র নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আন্দোলনের কর্মীদের সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে জানিয়ে নীরব প্রতিবাদের অংশ হিসেবে কক্সবাজার গিয়েছিলেন বলে শোকজের জবাবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দল থেকে দেয়া শোকজের জবাবে তিনি এমনটা জানিয়েছেন।

 
শোকজের জবাবে কক্সবাজার ঘুরতে গিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মিথ্যা সংবাদ ও গুজবের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি এসব মিথ্যা বিষয়কে আমলে নিয়ে দলের পক্ষ থেকে অতিউৎসাহী হয়ে শোকজ করা হয়েছে বলেও মনে করেন তিনি।
 
লিখিত জবাবে হাসনাত লিখেছেন, কক্সবাজার ঘুরতে যাওয়ার পর যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক জুড়ে ইচ্ছেমতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগসহ সেইসব উপস্থাপন করেছে। কিছু মিডিয়া ও গোয়েন্দা সংস্থার যোগসাজশে আমাদের প্রতিটি পদক্ষেপকে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালিয়েছে। এমনকি গুজব ছড়ানো হয়েছে, যে আমরা পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে। অথচ তিনি তখন বাংলাদেশেই ছিলেন না।
 
এমন কাজ গণতান্ত্রিক বাংলাদেশে চলতে পারে না বলে জানিয়ে তিনি আরও লিখেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই প্রবণতা, যেখানে কাউকে টার্গেট করে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফেলা যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার এই সম্মিলিত ‘ডিমোনাইজেশন’ টেকনিক আজকে আমাদের টার্গেট করেছে। ভবিষ্যতে অন্য যে কাউকে করতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হলো, গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়া এই একই প্যাটার্নে হাসিনার আমলেও বিরোধী দলের রাজনৈতিক নেতাদের নামে প্রোপাগান্ডা ক্যাম্পেইন পরিচালনা করত। নতুন বাংলাদেশেও গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়ার এই পুরনো অপরাধপ্রবণতা আমাকে একইসঙ্গে অবাক এবং ক্ষুব্ধ করে।
 
নারী নেতৃত্বের বিকাশে এমন গুজব খুবই দুঃখজনক উল্লেখ করে হাসনাত লিখেছেন, পুরো ঘটনার সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় দিক ছিল তাসনিম জারার বিরুদ্ধে পরিচালিত নগ্ন ও কুরুচিপূর্ণ স্লাটশেইমিং। শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে তাসনিম জারাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হয়। কিছু মিডিয়া চক্রান্তমূলকভাবে তাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনাম প্রকাশ করতে থাকে। গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের সমন্বিত এই আক্রমণ একটি নারীকে হেয়প্রতিপন্ন করার সুস্পষ্ট চেষ্টা। আমার দৃঢ় বিশ্বাস, এই ন্যাক্কারজনক আক্রমণের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নারীদের নিরুৎসাহিত করা।
 
শোকজ দেয়ার দলীয় সিদ্ধান্তের বিষয়ে এনসিপির এ নেতা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। কিন্তু অভ্যুত্থানের পরেও, গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের যোগসাজশে একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি আমাদের পার্টির উচিত ছিল, এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে, যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে।
 
হাসনাতের মতে, যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হয় গঠনতন্ত্র বা বাই-লজের কোনো নির্দিষ্ট ধারা লঙ্ঘনের কারণে। আমাকে দেয়া শোকজে এমন কিছুর উল্লেখ নেই, কারণ আমি পার্টির কোনো আইন লঙ্ঘন করিনি। এমন বিধিবহির্ভূত শোকজ দেয়া এবং অতিউৎসাহী হয়ে তা মিডিয়ায় প্রকাশ করা, কতটুকু রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক হয়েছে, সে বিষয়ে গভীরভাবে ভাববার অনুরোধ করবো।
 
তিনি আরও লিখেছেন, এনসিপির প্রতি আমি অঙ্গীকারবদ্ধ এবং মনে করি যে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই আমাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেয়ার জন্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মিডিয়া ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন হাসনাত, দলের সিদ্ধান্তের করলেন সমালোচনা

B
BN DESK | 07 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার