জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা জরুরি। এটি রাষ্ট্রের দায়িত্বও বটে।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ১৩তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংলাপে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আজকের আলোচনার বিষয়বস্তু সংসদে নারী আসন ও দ্বিক্ষ বিশিষ্ট পার্লামেন্ট।ড. আলী রীয়াজ বলেন, গত বছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরানোর গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিলেন। এতে তাদের ওপর নারকীয় হামলা হয়। জুলাই গণঅভ্যুত্থানে তাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। তাই মনে রাখতে হবে, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। আজকের আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রীয়াজ।
কমিশনের সদস্য হিসেবে সংলাপে উপস্থিত রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।