রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী জলি আক্তারের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২ মার্চ) সকালে পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জলি সিঙ্গাপুর প্রবাসী মো. জহিরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজ শোবার ঘরে প্রবেশ করেন জলি আক্তার। পরের দিন সকালে তার শ্বাশুড়ি ডাকতে গিয়ে কোন সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জলির মরদেহ দেখতে পায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।