রাজশাহী প্রতিনিধি: ভুয়া চাহিদাপত্রে ফিলিং স্টেশন থেকে অফিসের নামে ৩শ’ লিটার পেট্রোল ও অকটেন নিতে যাওয়া ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহীর নওহাটা স্টেশন থেকে তাদের প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পাঁচজন হলেন- লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী।
ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, ছুটি শেষে বৃহস্পতিবার সকালে অফিসে এসে তাদেরকে শোকজ করা কিংবা ব্যাখ্যা তলব করার মতো সময়ও পাইনি। ঘটনাটি জানাজানি হলে সদর দপ্তর তাৎক্ষণিকভাবে পাঁচজনকে ক্লোজড করে হেডকোয়ার্টারে নিয়েছে। গত বুধবার রাত ৯টায় তারা স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
উল্লেখ্য, স্টেশন প্রধান নিরঞ্জন সরকার ছুটিতে গেলে লিডার রবিউল আলমকে দায়িত্ব দিয়ে যান। গত বুধবার তিনি অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন। এরপর একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল তুলে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। তারা প্রথমে ২শ’ লিটার পেট্রোল নেন। এরপর আরও ১শ’ লিটার অকটেন নেন। এসময় সেখানে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। তারা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারেন, ফায়ার সার্ভিসের স্টেশনে পেট্রোল ও অকটেনের প্রয়োজন নেই। এসময় তাদের কাছ থেকে ওই ৩শ’ লিটার তেল ফেরত নেওয়া হয়। এই পাঁচজন ভুয়া চাহিদাপত্র দিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়েছিলেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার
BN DESK
03 April 2026, 02:42 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধার-দেনা করে শুরু, পোনাচাষি আব্দুর রশীদ এখন কোটিপতি
নওগাঁয় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বগুড়ায় থানা হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার
বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত