নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে ৫ নম্বর সেক্টরের গুতিয়াব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।
নিহতের নাম রানী (২৯)। তিনি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. কাশেমের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
এসআই জাহাঙ্গীর বলেন, গুতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে একটি খালি জায়গায় পড়েছিল ওই নারীর মরদেহ। সকাল আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের গলায় গভীর ছুরিকাঘাত ছাড়াও শরীরের আরও কয়েকটি অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ মরদেহটি উদ্ধারের পর আঙুলের ছাপ থেকে প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেন।
মরদেহ থেকে মাত্র কয়েক ফুট দূরে রক্তমাখা একটি ছুরিও পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা পুলিশের।
ওই নারী রাত বা ভোরের কোনো একটি সময়ে এই স্থানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, প্রাথমিক তদন্তের বরাতে জানান এ পুলিশ কর্মকর্তা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।